নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে জনগণের সেবা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, একজন সরকারি কর্মকর্তা শুধু প্রশাসনিক দায়িত্ব পালন করবেন এমন নয়; নাগরিকের প্রতি মানবিক আচরণ, আন্তরিকতা ও দায়িত্বশীলতাও তাঁর পেশাগত কর্তব্যের গুরুত্বপূর্ণ অংশ।
রোববার সন্ধ্যায় সাভারে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) মিলনায়তনে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকারি সেবা নিতে গিয়ে কোনো নাগরিক যেন হয়রানি বা অযথা ভোগান্তির শিকার না হন, তা নিশ্চিত করার দায়িত্ব কর্মকর্তাদের। প্রশাসনের প্রতিটি স্তরে নাগরিকবান্ধব মানসিকতা তৈরি হলে সরকারি সেবার মান যেমন বাড়বে, তেমনি জনগণের সঙ্গে রাষ্ট্রের সম্পর্কও আরও শক্তিশালী হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, একটি সরকারের সার্বিক সফলতার জন্য দক্ষ, সৎ ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যোগ্যতা ও সততার পাশাপাশি একজন কর্মকর্তার মধ্যে মানবিক গুণাবলি থাকলে তিনি শুধু নিজের পেশাগত অবস্থানকে সমৃদ্ধ করেন না, বরং রাষ্ট্র ও সরকারের সক্ষমতাও বাড়াতে ভূমিকা রাখেন।
নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, একাডেমিক পর্যায়ে অর্জিত জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে কীভাবে প্রয়োগ করতে হয়, তা প্রশিক্ষণের মাধ্যমে তারা শিখেছেন। এখন সেই জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে দায়িত্ব পালনের সময় এসেছে।
তিনি বলেন, বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে কর্মকর্তাদের কর্মস্থল, দায়িত্ব ও কাজের ধরন আলাদা হতে পারে। কিন্তু পরিচয়ের জায়গা থেকে তারা সবাই জনপ্রশাসনের কর্মকর্তা। তাই তাঁদের সবচেয়ে বড় দায়িত্ব হলো জনগণের সেবা করা এবং রাষ্ট্রের স্বার্থে নিষ্ঠার সঙ্গে কাজ করা।
সরকারি সেবা নিতে এসে একজন নাগরিক অনেক সময় নানা ধরনের জটিলতার মুখোমুখি হন। কাগজপত্রে ভুল, প্রক্রিয়াগত জটিলতা কিংবা প্রয়োজনীয় তথ্যের অভাবে তাঁর কাজ আটকে যেতে পারে। এ ধরনের পরিস্থিতিতে একজন কর্মকর্তার আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, কোনো নাগরিকের আবেদনপত্রে ভুল থাকলে শুধু ভুলের কথা বলে তাকে ফিরিয়ে দেওয়া উচিত নয়। বরং কোথায় ভুল হয়েছে, কীভাবে সেটি সংশোধন করতে হবে এবং কোন দপ্তর বা স্থানে গেলে প্রয়োজনীয় সমাধান পাওয়া যাবে এসব বিষয়ে নাগরিককে স্পষ্টভাবে সহযোগিতা করা উচিত।
প্রধানমন্ত্রীর মতে, এ ধরনের আচরণই একজন সরকারি কর্মকর্তার মানবিকতা ও আন্তরিকতার পরিচয় বহন করে। আইন ও বিধি মেনে দায়িত্ব পালন করার পাশাপাশি নাগরিকের প্রতি সম্মানজনক ও সহানুভূতিশীল আচরণ আধুনিক প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
প্রধানমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তাদের অবশ্যই আইন, বিধি ও নির্ধারিত নিয়মের মধ্যে থেকে দায়িত্ব পালন করতে হবে। তবে নিয়ম মানার পাশাপাশি নাগরিক সেবার ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গিও বজায় রাখতে হবে।
তিনি নবীন কর্মকর্তাদের মনে করিয়ে দেন, জীবনের বিভিন্ন পর্যায়ে প্রত্যেক মানুষেরই অন্যের সহযোগিতা প্রয়োজন হয়। তাই একজন কর্মকর্তা নিজে যে ধরনের ব্যবহার অন্যের কাছ থেকে প্রত্যাশা করেন, সেবা নিতে আসা নাগরিকদের সঙ্গেও একই ধরনের আচরণ করা উচিত।
এই দৃষ্টিভঙ্গি প্রশাসনে আস্থা বাড়াতে পারে। একজন নাগরিক যদি সরকারি অফিসে গিয়ে সম্মানজনক আচরণ ও প্রয়োজনীয় সহযোগিতা পান, তাহলে সরকারি প্রতিষ্ঠানের প্রতি তাঁর আস্থাও বাড়বে।
পছন্দের পদে পদায়ন কিংবা পদোন্নতি পাওয়ার আকাঙ্ক্ষা থাকলেও পেশাগত সততা ও দক্ষতার সঙ্গে কোনো ধরনের আপস না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, দেশের যেকোনো জায়গায় জনপ্রশাসনের যেকোনো পদে দায়িত্ব পালনের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকা একজন কর্মকর্তার পেশাদারিত্বের গুরুত্বপূর্ণ পরিচয়। কোনো সরকারি পদই ব্যক্তিগতভাবে কারও জন্য স্থায়ী নয়। একইভাবে কোনো সরকারও চিরস্থায়ী নয়।
তাই ব্যক্তিগত সুবিধার চেয়ে দায়িত্ব, রাষ্ট্রের স্বার্থ এবং জনগণের কল্যাণকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
প্রশাসনে রাজনৈতিক নিরপেক্ষতার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, একজন কর্মকর্তার ব্যক্তিগত রাজনৈতিক মত বা সমর্থন থাকতেই পারে। কিন্তু সেই রাজনৈতিক সমর্থনের প্রকাশ সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনোভাবেই প্রতিফলিত হওয়া উচিত নয়।
তিনি বলেন, রাজনৈতিক মতামত প্রকাশের জায়গা ব্যালট বাক্স, সরকারি অফিস নয়। সরকারি কর্মকর্তা হিসেবে প্রত্যেককে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার যে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে, সেটি নির্বাচনে জনগণের দেওয়া ম্যান্ডেটের ভিত্তিতে পরিচালিত। নির্বাচনী ইশতেহার এখন জনগণের প্রত্যাশা ও জনগণের দলিল। তাই সেই ইশতেহার বাস্তবায়নে প্রশাসনের কর্মকর্তাদের আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।
সরকারি প্রশাসনে দীর্ঘসূত্রতা কমানো এবং নাগরিক সেবা সহজ করার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, শুধু প্রশাসনিক উদ্যোগ নিলেই সেবাব্যবস্থার পরিবর্তন সম্ভব নয়; কর্মকর্তা-কর্মচারীদের ইতিবাচক মানসিকতাও এখানে বড় ভূমিকা রাখে।
একজন নাগরিককে একটি সাধারণ কাজের জন্য যেন অপ্রয়োজনীয়ভাবে একাধিকবার সরকারি দপ্তরে যেতে না হয়, সে বিষয়ে কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, পরিষ্কার তথ্য প্রদান এবং নাগরিকের সমস্যা মনোযোগ দিয়ে শোনার মাধ্যমে সরকারি সেবা আরও কার্যকর করা সম্ভব। নবীন কর্মকর্তারা তাঁদের কর্মক্ষেত্রে এসব বিষয়ে নেতৃত্ব দিতে পারেন বলে মনে করা হচ্ছে।
প্রধানমন্ত্রী নবীন কর্মকর্তাদের পরিবেশ ও পরিচ্ছন্নতার বিষয়েও সচেতন হওয়ার আহ্বান জানান। ঘরবাড়ি, অফিস-আদালতসহ আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার ওপর তিনি গুরুত্ব দেন।
তিনি বলেন, পরিচ্ছন্নতা শুধু ব্যক্তিগত অভ্যাস নয়; এটি একটি সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্বও। বর্তমান প্রজন্ম সচেতন হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে চার মাসব্যাপী ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে বিভিন্ন ক্যাডারের নবীন বিসিএস কর্মকর্তারা অংশ নেন। প্রশিক্ষণ চলাকালে প্রশাসনিক দায়িত্ব, পেশাগত দক্ষতা, সরকারি বিধিবিধান এবং বাস্তব কর্মক্ষেত্রে দায়িত্ব পালনের বিভিন্ন বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাদের মধ্যে শীর্ষ ১০ জনের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



