সর্বাধিক পঠিত

spot_img

সর্বশেষ আপডেট

Homeবিজ্ঞান ও প্রযুক্তি১৩ নভেম্বর কি পৃথিবী ধ্বংস হবে? ৬৬ বছর আগের ভবিষ্যদ্বাণী নিয়ে নতুন...

১৩ নভেম্বর কি পৃথিবী ধ্বংস হবে? ৬৬ বছর আগের ভবিষ্যদ্বাণী নিয়ে নতুন করে বিতর্ক কেন?

গবেষণায় বলা হয়েছিল, পৃথিবীর জনসংখ্যা যদি অতীতের মতো একই দ্রুতগতিতে বাড়তে থাকে, তাহলে একটি গাণিতিক মডেল অনুযায়ী ২০২৬ সালের নভেম্বরে মানুষের সংখ্যা অসীমে পৌঁছাবে। এই হিসাব থেকেই উঠে এসেছিল ১৩ নভেম্বরের তারিখ।

২০২৬ সালের ১৩ নভেম্বর শুক্রবার। দিনটি যত ঘনিয়ে আসছে, সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন আরব গণমাধ্যমে ততই আলোচনায় আসছে পৃথিবী ধ্বংসের একটি পুরোনো ভবিষ্যদ্বাণী। দাবি করা হচ্ছে, ৬৬ বছর আগে প্রকাশিত এক বৈজ্ঞানিক গবেষণায় পৃথিবীর শেষ দিন হিসেবে এই তারিখের কথা বলা হয়েছিল। কিন্তু সত্যিই কি ১৩ নভেম্বর পৃথিবী ধ্বংস হওয়ার কোনো আশঙ্কা রয়েছে?

এই আলোচনার সূত্র ১৯৬০ সালের ৪ নভেম্বর প্রকাশিত একটি গবেষণা। মার্কিন বিজ্ঞানবিষয়ক সাময়িকী সায়েন্স-এ তিন গবেষকের প্রকাশিত প্রবন্ধটির শিরোনাম ছিল ‘ডুমসডে: ফ্রাইডে, নভেম্বর ১৩’। বাংলায় যার অর্থ দাঁড়ায়, ‘মহাপ্রলয়: শুক্রবার, ১৩ নভেম্বর’।

গবেষণায় বলা হয়েছিল, পৃথিবীর জনসংখ্যা যদি অতীতের মতো একই দ্রুতগতিতে বাড়তে থাকে, তাহলে একটি গাণিতিক মডেল অনুযায়ী ২০২৬ সালের নভেম্বরে মানুষের সংখ্যা অসীমে পৌঁছাবে। এই হিসাব থেকেই উঠে এসেছিল ১৩ নভেম্বরের তারিখ।

কিন্তু গবেষকেরা কি সত্যিই মানবজাতির বিলুপ্তির ভবিষ্যদ্বাণী করেছিলেন? এই তারিখের সঙ্গে কি কোনো গ্রহাণুর সংঘর্ষ, সৌরঝড় কিংবা মহাজাগতিক বিপর্যয়ের সম্পর্ক রয়েছে? বিজ্ঞান কী বলছে?

১৯৬০ সালের গবেষণায় কী বলা হয়েছিল?

এই গবেষণার মূল উদ্যোক্তা ছিলেন অস্ট্রীয়-মার্কিন পদার্থবিদ হেইঞ্জ ফন ফোরস্টার। ইউনিভার্সিটি অব ইলিনয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষক প্যাট্রিশিয়া মোরা এবং লরেন্স অ্যামিয়ট তাঁর সঙ্গে গবেষণাটি প্রস্তুত করেন।

গবেষকেরা খ্রিস্টীয় যুগের শুরু থেকে ১৯৫৮ সাল পর্যন্ত বিশ্বের জনসংখ্যা সম্পর্কে পাওয়া ২৪টি ঐতিহাসিক অনুমান বিশ্লেষণ করেন। তাঁদের উদ্দেশ্য ছিল, দীর্ঘ সময় ধরে পৃথিবীর জনসংখ্যা কীভাবে পরিবর্তিত হয়েছে, তা বোঝা।

তাঁরা জনসংখ্যা বৃদ্ধির প্রচলিত সরল হিসাবের পরিবর্তে ‘হাইপারবলিক গ্রোথ’ বা দ্রুততর জনসংখ্যা বৃদ্ধির ধারণা ব্যবহার করেন। এই মডেলে শুধু মানুষের সংখ্যা বাড়ে না, সময়ের সঙ্গে জনসংখ্যা বৃদ্ধির গতিও আরও দ্রুত হয়।

গবেষকদের ধারণা ছিল, মানুষের যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা, সামাজিক সম্পর্ক ও জোট গঠনের ক্ষমতা নতুন নতুন উদ্ভাবনের পথ তৈরি করে। এর ফলে মানুষ পরিবেশগত বিভিন্ন সীমাবদ্ধতা অতিক্রম করতে পারে। একই সঙ্গে বেঁচে থাকা ও প্রজননের সক্ষমতাও বাড়ে।

ঐতিহাসিক জনসংখ্যার তথ্যের ওপর গাণিতিক সমীকরণটি প্রয়োগ করে গবেষকেরা একটি বিশেষ ফল পান। তাঁদের মডেল অনুযায়ী, জনসংখ্যা বৃদ্ধির এই ধারা অপরিবর্তিত থাকলে ২০২৬ সালের ১৩ নভেম্বর একটি গাণিতিক ‘সিঙ্গুলারিটি’ বা অসীমতার বিন্দুতে পৌঁছাবে।

এই হিসাব থেকেই গবেষণার শিরোনামে ১৩ নভেম্বর ২০২৬ তারিখটি ব্যবহার করা হয়েছিল।

‘ডুমসডে’ বলতে কি পৃথিবীর শেষ দিন বোঝানো হয়েছিল?

গবেষণার শিরোনামটি প্রথম দেখায় পৃথিবীর ধ্বংসের কোনো বৈজ্ঞানিক ঘোষণা বলে মনে হতে পারে। কিন্তু গবেষকদের উদ্দেশ্য ছিল ভিন্ন।

তাঁরা পৃথিবীর সঙ্গে কোনো গ্রহাণুর সংঘর্ষ, সূর্যের বিস্ফোরণ, ভয়াবহ ভূমিকম্প কিংবা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কথা বলেননি। মানবজাতি কবে বিলুপ্ত হবে, সেই তারিখও নির্ধারণ করেননি।

এখানে ‘ডুমসডে’ শব্দটি ব্যবহার করা হয়েছিল একটি গাণিতিক পরিস্থিতি বোঝাতে। গবেষকদের মডেল অনুযায়ী, জনসংখ্যা একই হারে দ্রুত বাড়তে থাকলে একপর্যায়ে সমীকরণে মানুষের সংখ্যা অসীম হয়ে যাবে।

কিন্তু বাস্তব পৃথিবীতে অসীমসংখ্যক মানুষের বসবাস সম্ভব নয়। তাই এটি কোনো বাস্তব জনসংখ্যার পূর্বাভাস নয়; বরং নির্দিষ্ট কিছু শর্ত অপরিবর্তিত থাকবে ধরে নিয়ে তৈরি করা একটি গাণিতিক ফলাফল।

গবেষকেরাও বুঝেছিলেন, জনসংখ্যা বৃদ্ধির ওপর পরিবেশ, প্রাকৃতিক সম্পদ, খাদ্য, সামাজিক অবস্থা এবং অন্যান্য পরিস্থিতির প্রভাব রয়েছে। এসব বিষয় জন্মহার ও মৃত্যুহার পরিবর্তন করতে পারে। ফলে জনসংখ্যা বৃদ্ধির গতিপথও বদলে যেতে পারে।

অর্থাৎ, ১৩ নভেম্বরকে পৃথিবীর ধ্বংসের দিন হিসেবে ঘোষণা করা গবেষণাটির প্রকৃত উদ্দেশ্য ছিল না।

১৯৬৪ সালের মিশরীয় সংবাদপত্রের নিবন্ধ নিয়ে কেন আলোচনা?

১৩ নভেম্বর ২০২৬ তারিখটি ঘিরে নতুন করে আলোচনার আরেকটি কারণ ১৯৬৪ সালের একটি পুরোনো সংবাদপত্রের কাটিং।

মিশরের সংবাদপত্র ওয়াতানি-তে ১৯৬৪ সালের ২৯ নভেম্বর মিশেল তাকলার নামে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছিল। ওই লেখার শিরোনামেও ২০২৬ সালের ১৩ নভেম্বর পৃথিবীর সমাপ্তির প্রসঙ্গ ছিল।

সম্প্রতি মিশরের বিভিন্ন গণমাধ্যমে পুরোনো কাটিংটির ছবি প্রকাশিত হয়েছে। এর ফলে ছয় দশকেরও বেশি সময় আগের লেখাটি আবার আলোচনায় এসেছে।

তবে এখানে দুটি বিষয় আলাদা করে দেখা জরুরি। ১৯৬০ সালে সায়েন্স সাময়িকীতে প্রকাশিত গবেষণাটি ছিল জনসংখ্যা বৃদ্ধির গাণিতিক মডেল নিয়ে। এটি হেইঞ্জ ফন ফোরস্টার ও তাঁর সহকর্মীদের কাজ। অন্যদিকে, ১৯৬৪ সালের সংবাদপত্রের নিবন্ধটি ছিল মিশেল তাকলারের লেখা।

সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে তাকলারের নিবন্ধের বিষয়বস্তু নিয়ে ভিন্ন ভিন্ন বর্ণনা পাওয়া গেছে। কোনো কোনো প্রতিবেদনে জনসংখ্যা বৃদ্ধির প্রসঙ্গ এসেছে, আবার কোথাও সৌর কার্যকলাপ, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের কথা বলা হয়েছে।

তাই দুটি লেখাকে একই বৈজ্ঞানিক তত্ত্বের অংশ হিসেবে উপস্থাপন করা ঠিক হবে না। বিশেষ করে ১৯৬৪ সালের নিবন্ধের পূর্ণ পাঠ যাচাই না করে এর সঙ্গে বিভিন্ন বৈজ্ঞানিক দাবিকে যুক্ত করার সুযোগ নেই।

১৩ নভেম্বর কি ভয়াবহ সৌরঝড় হবে?

পৃথিবী ধ্বংসের আলোচনায় সৌর কার্যকলাপের বিষয়টিও যুক্ত হয়েছে। কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ২০২৬ সালের ১৩ নভেম্বর সূর্যে অস্বাভাবিক কার্যকলাপ ঘটতে পারে। এর ফলে পৃথিবীর চৌম্বকক্ষেত্রে অস্থিরতা তৈরি হবে এবং প্রাকৃতিক দুর্যোগ দেখা দিতে পারে।

তবে সৌরঝড় একটি পরিচিত প্রাকৃতিক ঘটনা। সূর্যের সক্রিয়তা নির্দিষ্ট চক্রের মধ্য দিয়ে পরিবর্তিত হয়। কখনো সূর্য থেকে শক্তিশালী সৌরশিখা বা সোলার ফ্লেয়ার এবং করোনাল মাস ইজেকশন ঘটে। এসব ঘটনার প্রভাবে পৃথিবীর চৌম্বকক্ষেত্রে পরিবর্তন আসতে পারে।

শক্তিশালী সৌরঝড়ের কারণে উপগ্রহ, যোগাযোগব্যবস্থা, নেভিগেশন প্রযুক্তি এবং বিদ্যুৎ সরবরাহব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে। তবে সৌরঝড়ের এই বাস্তব ঝুঁকির সঙ্গে কোনো নির্দিষ্ট দিনে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার দাবির বৈজ্ঞানিক সম্পর্ক নেই।

১৯৬০ সালের জনসংখ্যাবিষয়ক গবেষণাতেও ১৩ নভেম্বর ২০২৬ তারিখের সঙ্গে সৌর কার্যকলাপ, ভূতাত্ত্বিক বিপর্যয় কিংবা জলবায়ুগত দুর্যোগের কোনো সম্পর্ক দেখানো হয়নি।

১৩ নভেম্বর নিয়ে আতঙ্কের কারণ নেই, বলছেন জ্যোতির্বিজ্ঞানী

২০২৬ সালের ১৩ নভেম্বর পৃথিবীকে ঘিরে কোনো জ্যোতির্বৈজ্ঞানিক বিপদের আশঙ্কা রয়েছে কি না, তা নিয়ে কথা বলেছেন জ্যোতির্বিজ্ঞানী এমাদ মুজাহেদ।

বিবিসিকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, চলতি বছরে সৌর কার্যকলাপ সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। তবে এটি বিজ্ঞানীদের কাছে পরিচিত একটি প্রাকৃতিক ঘটনা। আকস্মিক বা অপ্রত্যাশিত কিছু নয়।

তাঁর মতে, সৌর কার্যকলাপ প্রাকৃতিক চক্রের মধ্য দিয়ে চলে। সৌরঝড়ও মহাবিশ্বের শুরু থেকেই ঘটে আসছে। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির কারণে এখন বিজ্ঞানীরা এসব ঘটনা আগের তুলনায় আরও ভালোভাবে পর্যবেক্ষণ, নজরদারি এবং পূর্বাভাস দিতে পারছেন।

মুজাহেদের বক্তব্য অনুযায়ী, ১৩ নভেম্বর এমন কোনো পরিচিত বা প্রত্যাশিত জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা নেই, যা পৃথিবীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বা আতঙ্কের কারণ হতে পারে।

তিনি আরও বলেন, গাণিতিক সমীকরণ কিংবা জ্যোতির্বৈজ্ঞানিক মডেল ব্যবহার করে পৃথিবীর সমাপ্তির নির্দিষ্ট তারিখ নির্ধারণের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। মহাকাশবিজ্ঞানেও পৃথিবীর শেষ ঘনিয়ে আসার এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

অর্থাৎ, ১৩ নভেম্বর নিয়ে ছড়িয়ে পড়া দাবিগুলো জ্যোতির্বিজ্ঞানীদের কোনো সতর্কবার্তার ওপর ভিত্তি করে তৈরি হয়নি। বরং পরিচিত প্রাকৃতিক ঘটনা ও পুরোনো গাণিতিক গবেষণাকে ঘিরে বিভিন্ন ব্যাখ্যা ছড়িয়ে পড়েছে।

১৯৬০ সালের জনসংখ্যার হিসাব কেন বাস্তব হয়নি?

পুরোনো গবেষণার গাণিতিক মডেলটি বাস্তব জনসংখ্যা বৃদ্ধির গতিপথের সঙ্গে মেলেনি। এর প্রধান কারণ, গবেষকেরা অতীতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির ধারা ভবিষ্যতেও একইভাবে চলবে বলে ধরে নিয়েছিলেন।

কিন্তু গত কয়েক দশকে পৃথিবীর জনমিতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন এসেছে। জন্মহার, মৃত্যুহার, পরিবার পরিকল্পনা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং জীবনযাত্রার পরিবর্তন জনসংখ্যা বৃদ্ধির ওপর প্রভাব ফেলেছে।

বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির হার ১৯৬০-এর দশকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। এরপর তা ধীরে ধীরে কমতে শুরু করে। ফলে ১৯৬০ সালে গবেষকেরা যে দ্রুততর বৃদ্ধির গাণিতিক বক্ররেখা ব্যবহার করেছিলেন, বাস্তবে পৃথিবীর জনসংখ্যা সেই পথে এগোয়নি।

গবেষণাটি প্রকাশের সময় বিশ্বের জনসংখ্যা ছিল আনুমানিক ৩০০ কোটি। বর্তমানে তা ৮০০ কোটির বেশি হলেও ১৯৬০ সালের মডেলে অনুমান করা অসীম সংখ্যার কাছাকাছিও পৌঁছায়নি।

জাতিসংঘের পূর্বাভাসে কী বলা হয়েছে?

বিশ্বের জনসংখ্যা নিয়ে জাতিসংঘের সাম্প্রতিক পূর্বাভাসও ১৯৬০ সালের গবেষণার অনুমিত পরিস্থিতি থেকে সম্পূর্ণ আলাদা।

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্টস ২০২৪ প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বের জনসংখ্যা ছিল প্রায় ৮২০ কোটি। পূর্বাভাসে বলা হয়েছে, ২০৮০-এর দশকের মাঝামাঝি সময়ে এই সংখ্যা প্রায় ১ হাজার ৩০ কোটিতে পৌঁছাতে পারে।

এরপর জনসংখ্যা ধীরে ধীরে কমে ২১০০ সালের মধ্যে প্রায় ১ হাজার ২০ কোটিতে নেমে আসতে পারে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, চলতি শতাব্দীর মধ্যেই বিশ্বের জনসংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এর অন্যতম কারণ, ঘনবসতিপূর্ণ কয়েকটি দেশে জন্মহার প্রত্যাশার চেয়েও দ্রুত কমছে।

এতে জনসংখ্যা নিয়ে আলোচনার ধরনও বদলে যাচ্ছে। একসময় অতিরিক্ত জনসংখ্যা নিয়ে উদ্বেগ বেশি থাকলেও এখন অনেক দেশে কম জন্মহার, মানুষের গড় আয়ু বৃদ্ধি এবং বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বেড়ে যাওয়াও বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

এসব পরিবর্তন স্পষ্ট করে যে, জনসংখ্যা বৃদ্ধির বাস্তব ধারা ১৯৬০ সালের গাণিতিক মডেলের মতো নয়।

তাহলে ১৩ নভেম্বর নিয়ে এত আলোচনা কেন?

৬৬ বছর আগের গবেষণার চমকপ্রদ শিরোনাম, ১৯৬৪ সালের পুরোনো সংবাদপত্রের নিবন্ধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা ব্যাখ্যা—সব মিলিয়ে ১৩ নভেম্বরের তারিখটি নতুন করে আলোচনায় এসেছে।

কিন্তু মূল বৈজ্ঞানিক গবেষণাটি ছিল জনসংখ্যা বৃদ্ধির একটি গাণিতিক মডেল নিয়ে। সেখানে পৃথিবীর ধ্বংস, মানবজাতির বিলুপ্তি কিংবা নির্দিষ্ট দিনে কোনো মহাজাগতিক বিপর্যয়ের কথা বলা হয়নি।

অন্যদিকে, সৌরঝড় ও সৌর কার্যকলাপ বাস্তব বৈজ্ঞানিক ঘটনা হলেও এগুলোর সঙ্গে ১৩ নভেম্বর পৃথিবী ধ্বংস হওয়ার দাবির কোনো প্রমাণিত সম্পর্ক নেই।

সব মিলিয়ে, ২০২৬ সালের ১৩ নভেম্বরকে পৃথিবীর শেষ দিন হিসেবে দেখার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। ১৯৬০ সালের গবেষণার ‘ডুমসডে’ ছিল একটি গাণিতিক মডেলের কাল্পনিক সীমা, বাস্তব পৃথিবীর জন্য কোনো ধ্বংসের ভবিষ্যদ্বাণী নয়।

সূত্র: বিবিসি বাংলা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ