সর্বাধিক পঠিত

spot_img

সর্বশেষ আপডেট

Homeদেশজুড়েচুয়াডাঙ্গা বালিকা বিদ্যালয়ের দেয়ালে ‘ফিরছি আবার ডিসেম্বর’ স্লোগান, শনাক্ত ৬ ছাত্রী

চুয়াডাঙ্গা বালিকা বিদ্যালয়ের দেয়ালে ‘ফিরছি আবার ডিসেম্বর’ স্লোগান, শনাক্ত ৬ ছাত্রী

শনাক্ত ছয় ছাত্রীর মধ্যে একজন পঞ্চম শ্রেণির এবং পাঁচজন সপ্তম শ্রেণির শিক্ষার্থী। জিজ্ঞাসাবাদে তারা দাবি করেছে, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কিংবা কারও নির্দেশে তারা দেয়ালে এসব লেখেনি।

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের একটি বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন স্লোগান লেখার ঘটনায় ছয় ছাত্রীকে শনাক্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাদের শনাক্ত করা হয়। পরে বিদ্যালয়ে ডেকে ছাত্রী ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে লিখিত বক্তব্য নেওয়া হয়েছে।

অভিযুক্ত ছাত্রীরা দাবি করেছে, কোনো রাজনৈতিক উদ্দেশ্যে কিংবা কারও প্ররোচনায় তারা এসব স্লোগান লেখেনি। নিছক ‘ইয়ার্কির ছলে’ তারা দেয়ালে লেখালেখি করেছে। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাদের এই বক্তব্য পুরোপুরি বিশ্বাসযোগ্য মনে করছেন না। তাঁর ভাষ্য, ছাত্রীদের আচরণ ও শরীরী ভাষায় বিষয়টিকে নিছক মজা বলে মনে হয়নি।

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে স্লোগান লেখার একটি ভিডিও বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি প্রকাশ্যে আসার পর স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়। একই সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়া।

ঘটনার পর সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির একজন ও সপ্তম শ্রেণির চার ছাত্রীকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে সপ্তম শ্রেণির আরও একজন ছাত্রী এবং নেপথ্যে থাকা অষ্টম শ্রেণির এক ছাত্রীর নাম সামনে আসে।

শুক্রবার বিদ্যালয় কর্তৃপক্ষের ডাকে অভিযুক্ত ছয় ছাত্রী ও তাদের অভিভাবকেরা বিদ্যালয়ে উপস্থিত হন। জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে ছাত্রীদের লিখিত বক্তব্য নেওয়া হয়।

এ সময় জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি এম তারিক উজ্জামান এবং নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ফাহাদ চৌধুরী উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্য নেওয়ার পর জেলা প্রশাসনের কর্মকর্তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম ও শিক্ষক প্রতিনিধিদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা দেয়ালে লেখা স্লোগানগুলোর স্থিরচিত্রও সংগ্রহ করেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, শনাক্ত ছয় ছাত্রীর মধ্যে একজন পঞ্চম শ্রেণির এবং পাঁচজন সপ্তম শ্রেণির শিক্ষার্থী। জিজ্ঞাসাবাদে তারা দাবি করেছে, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কিংবা কারও নির্দেশে তারা দেয়ালে এসব লেখেনি।

তাদের বক্তব্য অনুযায়ী, বিষয়টি ছিল নিছক মজা বা ‘ইয়ার্কি’। পরিবারের সদস্যরাও কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন বলে তারা জানিয়েছে।

তবে জিজ্ঞাসাবাদের শেষ পর্যায়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী ভিন্ন একটি তথ্য দেয়। তার বক্তব্য অনুযায়ী, ঘটনার সময় ক্যামেরার পেছনে থাকা অষ্টম শ্রেণির এক ছাত্রী তাদের দেয়ালে স্লোগান লিখতে নির্দেশ দিয়েছিল। ওই ছাত্রীই ঘটনাটি ভিডিও বা ছবি ধারণ করেছিল বলেও অভিযোগ ওঠে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম জানান, অভিযুক্তদের মধ্যে একজন দেয়ালে লেখার কথা স্বীকার করেছে। অন্যরা দাবি করেছে, তারা সেখানে শুধু দাঁড়িয়ে ছিল এবং কী লেখা হবে, তা জানত না।

তবে শিক্ষার্থীদের বক্তব্যের সঙ্গে পুরোপুরি একমত নন প্রধান শিক্ষক। তাঁর মতে, ভিডিও ফুটেজে শিক্ষার্থীদের আচরণ দেখে বিষয়টিকে কেবল মজা হিসেবে দেখার সুযোগ কম।

প্রধান শিক্ষক বলেন, তাদের শরীরী ভাষা নিরপরাধ আচরণের সঙ্গে পুরোপুরি মেলে না। এমনকি একজনকে উত্তেজিত অবস্থায় স্লোগান দেওয়ার ভঙ্গিতেও দেখা গেছে।

ঘটনার নেপথ্যে অষ্টম শ্রেণির যে ছাত্রীর নাম এসেছে, তার বক্তব্য নেওয়ার উদ্যোগ নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট শ্রেণিশিক্ষকের সঙ্গে যোগাযোগ করে ওই ছাত্রীকে বিদ্যালয়ে হাজির করার চেষ্টা চলছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, ওই ছাত্রীর বক্তব্য পাওয়ার পর পুরো ঘটনার একটি সারসংক্ষেপ তৈরি করা হবে। এরপর তা বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে। পরবর্তী সময়ে ডিসিপ্লিনারি কমিটির সুপারিশ এবং প্রচলিত বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

বিদ্যালয় কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, ছাত্রীদের কাছ থেকে কোনো মুচলেকা নেওয়া হয়নি। তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার জন্য শুধু লিখিত বক্তব্য নেওয়া হয়েছে।

ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ছাত্রীদের বক্তব্য ও সিসিটিভি ফুটেজসহ সংশ্লিষ্ট তথ্য যাচাই করা হবে। এরপর তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে জেলা প্রশাসকের নির্দেশে দেয়ালে লেখা স্লোগানগুলো মুছে ফেলে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনও নিয়মিত খোঁজখবর রাখছে।

এদিকে দেয়ালে স্লোগান লেখার ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দাবি করেছে বিএনপি। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা শহরে বিক্ষোভ মিছিল করেন জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। পরে শহীদ হাসান চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক লুৎফুন নাহার জানান, দেয়ালে স্লোগান লেখার বিষয়টি জানার পর তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেছেন। পরে বিদ্যালয়ের কর্মচারীদের দিয়ে দেয়ালের লেখাগুলো মুছে ফেলা হয়।

তিনি প্রধান শিক্ষককে নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এখন সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বক্তব্য, সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করে ঘটনার প্রকৃত কারণ নির্ধারণের কাজ চলছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ