সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী এবং একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক রাজীব ঘোষকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। একটি সংবাদ প্রচারকে কেন্দ্র করে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পর তাঁদের গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে, নাকি অন্য কোনো কারণে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে স্পষ্ট কোনো তথ্য দেননি তিনি।
পরে এক সংবাদ সম্মেলনে মো. আকতার হোসেন জানান, একটি সংবাদ প্রচারকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশ বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট স্থানে যায়।
তিনি বলেন, সেখান থেকে রাজীব ঘোষ ও ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি হেফাজতে নেওয়া হয়। পরে তাঁদের ডিবি কার্যালয়ে নিয়ে এ বিষয়ে কথা বলা হচ্ছে।
কোন সংবাদ প্রচারকে কেন্দ্র করে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, কোথা থেকে এবং কখন তাঁদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি ডিএমপির এই কর্মকর্তা।
এদিকে, ইকবাল সোবহান চৌধুরী ও সাংবাদিক রাজীব ঘোষকে ডিবি হেফাজতে নেওয়ার ঘটনায় বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা। তাঁদের বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কি না কিংবা আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে কি না, সে বিষয়েও পুলিশের পক্ষ থেকে স্পষ্ট কোনো তথ্য জানানো হয়নি।
তথ্য সূত্র: বিবিসি বাংলা



